মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ বছর জেলার ১০টি উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
মহাষষ্ঠী উপলক্ষে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় মূল পূজা-অর্চনা। এর আগে পঞ্চমী তিথিতে চণ্ডীপাঠ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে চলে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে পরদিন সকালে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
এদিকে দুর্গোৎসবকে কেন্দ্র করে রাঙামাটি জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির মধ্য দিয়ে জেলার ৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
এসএস