চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরার অভিযোগে ৩২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাঁদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার বিকেলে অভিযানের তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে জেলেদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
এসএস/এসএস