বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সড়কটির সংস্কারকাজ শেষ করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটির সংস্কারকাজ এখনো শেষ হয়নি। বর্তমানে কাজ চলমান রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দুতে গেলে তাঁদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে বান্দরবানের আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকার দুই যুবক নিহত হন এবং আরও পাঁচ পর্যটক আহত হন।
এসএস