ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দীপককে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে নেহা বোরাকে আটক করা হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা মান্দি হাউস সার্কেল থেকে জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে।
ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন দীপক। গত ১৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে পতাকা উত্তোলনের চেষ্টা করলে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দরে দীপক, আশুতোষ ও সৌরভকে আটক করেছিল পুলিশ। পরদিন তাঁরা মুক্তি পান।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছে সিজেপি ও বিভিন্ন ছাত্রসংগঠন। দলটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে নির্বাচনী সুবিধা দেওয়া হয়েছে।
তবে ভোটার তালিকা সংশোধন নিয়ে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কর্তৃপক্ষের বক্তব্য, তালিকা থেকে ভুলভাবে বাদ পড়া ভোটাররা পুনরায় নিবন্ধনের আবেদন করতে পারেন।
শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির কনট প্লেস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেন্ট্রাল পার্কেও প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি
এসএস