ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায়, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটির জানা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’
ট্রাম্প আবারও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। তিনি ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন।
ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরানের এখন কোনো নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই। দেশটিতে মূল্যস্ফীতি অত্যন্ত বেশি এবং অর্থেরও সংকট রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে।’
যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এসব মন্তব্য করেন ট্রাম্প। তাঁর বক্তব্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি, দেশটির পারমাণবিক কর্মসূচি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের প্রসঙ্গ উঠে আসে।
এফএস