বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন।
বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত পাল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেখ রাজীব আল রশিদ। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
শেখ রাজীব আল রশিদের মৃত্যুতে রামপাল থানার পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসন্তান রেখে গেছেন।