ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল ও সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। 

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রমজান আলী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, হল শাখার সদস্য সাইফ আলী শিথিল এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় রমজান আলী একপর্যায়ে অচেতন হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, গত ৫ অক্টোবর মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে সূর্যসেন হলের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেক ও জহুরুল হক হলের শিক্ষার্থী মাহফুজ সৌরভের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। 

সৌরভের মোটরসাইকেল চালানো নিয়ে তারেক আপত্তি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় সৌরভ তারেককে কয়েক দফা চড় মারেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন মঙ্গলবার তারেক ও তার বন্ধুরা সৌরভকে রাস্তায় আটকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি মোটরসাইকেল রেখে সেখান থেকে চলে যান বলে জানা গেছে। পরে সূর্যসেন হলের শিক্ষার্থীরা মোটরসাইকেলটি উদ্ধার করে হলে নিয়ে যান।

বুধবার রাতে মোটরসাইকেলটি ফেরত দেওয়া এবং আগের বিরোধ মীমাংসার জন্য দুই হলের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবন এলাকায় বৈঠকে বসেন। তবে আলোচনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিবের অভিযোগ, মীমাংসার কথা বলে জহুরুল হক হলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। অন্যদিকে, জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন এ অভিযোগ অস্বীকার করে বলেন, সৌরভ নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরপরই সূর্যসেন হলের লোকজন তাদের ওপর হামলা চালায়।

এদিকে সৌরভের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার মোটরসাইকেল আটকে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবরের মূল ঘটনা সম্পর্কে জানতে চাইলে সৌরভ ফোনে কোনো বক্তব্য না দিয়ে কল কেটে দেন।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে তিনি জানতে পেরেছেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।


এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement