ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় কাভার্ড ভ্যানের ভেতর থেকে ২ হাজার ১০০ কেজি ভারতীয় জিরা ও ১৫ হাজার ৪৯৮টি উন্নতমানের সানগ্লাস জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর/আরএন