ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফরিদাবাদে উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদকৃত জায়গায় আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি এই জায়গাটি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল, যা এলাকার চিহ্নিত মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এই দীর্ঘদিনের ‘বিষফোঁড়া’ থেকে এলাকাটি মুক্ত হয়েছে। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে। তবে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, ১ মাস পরেই নতুন নির্মিত এই খেলার মাঠ উদ্বোধন করা হবে। এই সফল উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য তিনি ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এলাকার তরুণ সমাজ ও স্থানীয় অধিবাসীদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে অনেক অসম্ভব কাজও করা সম্ভব। পাশাপাশি, তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ওয়ার্ডেই মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক উচ্ছেদকৃত স্থানে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস) কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান ও ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি উপস্থিত ছিলেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement