
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার টাঙ্গাইলের জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং আয়নালের ছেলে মো. রুবেল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে ওই নারী স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল তার পথরোধ করেন। পরে তাকে পাশের একটি কাচারিঘরের বারান্দায় নিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই রাতেই দুজন ওই নারীকে ধর্ষণ করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হলে পরদিন সকালে তিনি মধুপুর থানায় গিয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
এসএস