নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ফেরির লাইনম্যান আশরাফ হোসেন আসাদ নিহত হয়েছেন। সোমবার ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। এ নিয়ে একাধিক দুর্ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহত আশরাফ হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধলেশ্বরী নদীতে যানবাহন পারাপারের জন্য স্থাপিত ফেরিঘাটের উভয় তীরের সড়কের অবস্থা খুবই খারাপ। ফেরিতে ওঠার পথ উঁচু-নিচু ও ভাঙাচোরা। ফলে যানবাহন ফেরিতে ওঠার সময় ব্রেক করেও অনেক সময় গাড়ি থামানো সম্ভব হয় না।
সোমবার সকালে প্রথমে একটি ট্রাক ফেরিতে ওঠে। পরে আরেকটি ট্রাক ওঠার সময় আশরাফ হোসেন আসাদ যানবাহনের সিরিয়াল দেখাচ্ছিলেন। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে ফেরিতে ওঠে। এতে আসাদ দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ফেরিতে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, উঁচু-নিচু ও ভাঙাচোরা সড়কের কারণে কয়েক মাস আগে ফেরিঘাটের কাছে আখের রস বিক্রেতার মাদ্রাসাপড়ুয়া শিশুপুত্র ট্রাকের চাপায় মারা যায়। এর আগে ফেরিতে নিরাপত্তাবেষ্টনী না থাকায় বেশ কয়েকটি যানবাহন মাঝ নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয়দের দাবি, ফেরিতে ওঠার সড়ক দ্রুত মেরামত করতে হবে এবং ফেরিতে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় যেকোনো সময় প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে এলাকাবাসী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/আরএন