‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার (অক্টোবর ৬) সারা দেশে পালিত হবে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬।
দেশের প্রতিটি নাগরিকের আইনগত অধিকার নিশ্চিত করা, জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন। এসব কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সময়মতো সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সচেতন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঠিক তথ্য রাষ্ট্রের জনসংখ্যা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্ভুল নিবন্ধন না হলে জনসংখ্যা ও নাগরিকদের মৌলিক তথ্যের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ে, যা সরকারি সেবা ও উন্নয়ন পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
নাগরিকদের ভোগান্তি কমাতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন অনলাইন প্ল্যাটফর্ম BDRIS-এর মাধ্যমে করার সুযোগ রয়েছে। নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করতে সরকার কাজ করছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএস