নড়াইল সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) সকালে অসুস্থ বড় মেয়েকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করতে যান শিশুটির মা। এ সময় সাত বছরের মেয়েকে বাড়িতে রেখে যান তিনি। শিশুটির বাবাও রাজমিস্ত্রির কাজে বাড়ির বাইরে ছিলেন।
বেলা ৩টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরে মা দেখতে পান, শিশুটি অন্ধকার ঘরে ঘুমিয়ে আছে। পরে তাকে জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দেয়নি। পরদিন সন্ধ্যায় একান্তে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায়, শনিবার সকালে তার চাচা তার সঙ্গে অনৈতিক কাজ করেছেন।
এরপর রোববার (৪ অক্টোবর) রাতে শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণ মামলা করেন।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এফএস