নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেফতার মিজানুর রহমানকে নিজের জামাতা বলে জানিয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। তবে এ ঘটনায় নিজের ও জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।
মিজানুর রহমানকে মাটিকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিজের বাসা থেকে গ্রেফতারের খবরকে ভিত্তিহীন দাবি করে আব্দুল গফুর বলেন, মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই।
তিনি বলেন, মিজানুর রহমানের সঙ্গে নিউ গ্রিন প্রোপার্টিজের বিরোধটি ব্যক্তিগত ও ব্যবসায়িক। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই মামলা হয়েছে। আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে তাকে ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন আব্দুল গফুর।