ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাতের ট্রাকস্ট্যান্ডে ৯ ফুটের ‘অতিথি’, ঠাঁই হলো সাফারি পার্কে
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাতের ব্যস্ততা তখন অনেকটাই কমে এসেছে। হোতাপাড়া ট্রাকস্ট্যান্ডে যানবাহনের আনাগোনার মধ্যেই হঠাৎ নজরে পড়ে দীর্ঘ এক সরীসৃপ। প্রথম দেখায় বোঝার উপায় ছিল না, অন্ধকারে নড়াচড়া করা প্রাণীটি কতটা বড়। কাছে যেতেই দেখা গেল-রাস্তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর।

ট্রাকস্ট্যান্ডের মতো ব্যস্ত এলাকায় এমন বড় অজগর দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল। কয়েকজন মিলে সাপটিকে এক জায়গায় আটকে রাখেন। পরে খবর দেওয়া হয় বন বিভাগকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। এরপর সেটির নতুন ঠিকানা হয় গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন ৯ কেজি।

সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ স্কাউট মো. মোস্তাফিজ রহমান বলেন, স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ খন্দকার ট্রাকস্ট্যান্ড এলাকায় বড় একটি সাপ দেখতে পেয়ে বন বিভাগের সংশ্লিষ্টদের খবর দেন। পরে বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করা হয়।

তিনি জানান, অজগরটি রাস্তা পার হওয়ার সময় স্থানীয়দের নজরে আসে। পরে কয়েকজন সেটিকে একটি জায়গায় আটকে রাখেন। বন বিভাগের কর্মীরা গিয়ে সেখান থেকেই সাপটি উদ্ধার করেন।

বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর দ্রুত অজগরটি উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। পরে সেটি উদ্ধার করে সাফারি পার্কে নেওয়া হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন ৯ কেজি।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, উদ্ধারের পর রাতেই অজগরটিকে সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে।

তিনি জানান, বার্মিজ পাইথন বিষহীন ও গাঢ় রঙের অজগর। এর পিঠে কালো কিনারাযুক্ত বাদামি ছোপ থাকে। বন্য পরিবেশে এ প্রজাতির অজগর সাধারণত ১৬ ফুট বা প্রায় ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় বার্মিজ পাইথনের বিচরণ রয়েছে। ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব নেপাল, পশ্চিম ভুটান, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এ প্রজাতির অজগর পাওয়া যায়।

তৃণভূমি, জলাভূমি, বিল, পাথরের পাদদেশের বনভূমি, নদীসংলগ্ন খোলা জায়গা ও জঙ্গল-বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে এদের বসবাস। হোতাপাড়া ট্রাকস্ট্যান্ডে রাতের এই অপ্রত্যাশিত উপস্থিতির পর ৯ ফুটের অজগরটির ঠাঁই হয়েছে এখন সাফারি পার্কে।

এসএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement