নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুল হক (যুবক) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন নামে আরেক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হক বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের মালিবাগ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আহত সুমন একই এলাকার আফজাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শামসুল হক মোটরসাইকেলে করে বন্ধু সুমনকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন। সেতুতে ওঠার সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সেতুর ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শামসুল নিহত হন। গুরুতর আহত সুমনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শরীফ সুমন / এফএস