ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারিগরি ত্রুটিতে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম
X
Advertisement

কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন করে ভিসার আবেদন করা যাচ্ছে না। এতে বিদেশি নাগরিকদের ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণে জটিলতা তৈরি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। সোমবার সকাল থেকে একাধিকবার ভিসা আবেদন পোর্টালে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। প্রতিবারই সেখানে ‘সার্ভার এরর’ বার্তা দেখা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) পরিচালনা করে। দীর্ঘদিন পোর্টালটির আধুনিকায়ন না হওয়ায় অতিরিক্ত আবেদন পড়লে সার্ভারে সমস্যা দেখা দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে সার্ভার সচল করতে কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে তাদের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।

এরই মধ্যে বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ ও ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে।

ভারতের নাগরিকরাও বাংলাদেশি ভিসার আবেদন করতে গিয়ে একই সমস্যার মুখে পড়েছেন। গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকজন বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ট্যাগ করে ভিসা আবেদন পোর্টাল কাজ না করার বিষয়টি জানান।

এদিকে জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার বর্তমানে সচল নেই।

ফলে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে এনভিআর ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় সিস্টেমটি দ্রুত সচল করতে কাজ চলছে।

এ পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি আবেদনের অবস্থা জানতে বারবার যোগাযোগ না করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় সিস্টেম চালু হলে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরুর বিষয়টি দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে বলেন, ভিসা আবেদন ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়েও কিছু সমস্যা থাকতে পারে। সমস্যা সমাধানে কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।

তিনি বলেন, সিস্টেমে ত্রুটির কারণে নতুন আবেদন নেওয়া হচ্ছে না। তবে যারা আগে আবেদন করেছেন, তারা সময়মতো ভিসা পাবেন। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোসহ যেসব দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের আগে অগ্রিম ভিসা প্রয়োজন হয় না, তারা দেশে এসে বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারেন। তবে অনলাইন ভিসা আবেদন ব্যবস্থার এই সমস্যা বড় ধরনের বিষয় হওয়ায় দ্রুত সমাধান প্রয়োজন বলে জানান তিনি।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement