দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। এর মধ্যে ডিএনসিসিতে একজন, ডিএসসিসিতে একজন, ঢাকা বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে তিনজন মারা গেছেন।
একই সময়ে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৩৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১, খুলনা বিভাগে ২৬৪, ডিএসসিসিতে ২২৯, বরিশাল বিভাগে ২১৩, রাজশাহী বিভাগে ১৭৯, ডিএনসিসিতে ১৭৮, ময়মনসিংহ বিভাগে ১২০, রংপুর বিভাগে ৫৬ এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১১৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৪৫, চট্টগ্রাম বিভাগে ২৩, ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ১৪, রংপুরে পাঁচ এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
এসএস