দ্য ডেইলি অবজারভারের পরিচালক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর করেছে দ্য ডেইলি অবজারভার। এ চুক্তির আওতায় তারা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
সোমবার দ্য ডেইলি অবজারভার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্য ডেইলি অবজারভারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ম্যানেজিং এডিটর মাহাতাফ উদ্দিন খান এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।
চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং দ্য ডেইলি অবজারভারের ব্যবস্থাপনায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে দ্য ডেইলি অবজারভারের পরিচালক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ১২০ জন বিনামূল্যে কিডনি পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি একজন চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্তচাপ ও সিরাম ক্রিয়েটিনিন (কিডনি) পরীক্ষা করানোর সুযোগ পান। এ ছাড়া মাত্র ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট কার্ড গ্রহণের সুবিধাও দেওয়া হয়।
এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা. হাফিজুর রহমান।
মেডিকেল ক্যাম্পে করা পরীক্ষার রিপোর্ট আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর ১২টা থেকে দ্য ডেইলি অবজারভার কার্যালয়ের এইচআর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। রিপোর্ট সরবরাহের পরবর্তী তিন দিনের মধ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।
দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, “দ্য ডেইলি অবজারভার এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে এই চুক্তির মাধ্যমে স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলো। আমরা আশা করি, স্বাস্থ্য খাতে দ্য ডেইলি অবজারভারে আয়োজিত বিভিন্ন কার্যক্রমেও ইনসাফ বারাকাহ হাসপাতালের সহযোগিতা পাব।”
ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা. হাফিজুর রহমান বলেন, “দ্য ডেইলি অবজারভারের সঙ্গে কর্পোরেট চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। সাংবাদিকদের প্রতি আমাদের বিশেষ আন্তরিকতা রয়েছে। বারাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা শহরে রোগী ও স্বজনদের জন্য ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে ডায়ালিসিসের ব্যবস্থাও রয়েছে।”
সবার জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কর্পোরেট স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে দ্য ডেইলি অবজারভারের জয়েন্ট নিউজ এডিটর রিয়াজ হায়দার, চিফ রিপোর্টার মহসীনুল করিম, হেড অব অ্যাকাউন্টস ফারহানা আক্তার, হেড অব এইচআর সুব্রত সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা. হাফিজুর রহমান, ডা. নাঈম বিন আলমগীর কাজী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, মো. মিলন, সিনিয়র স্টাফ নার্স রুকাইয়া, প্যাথলজিক্যাল টেকনোলজিস্ট মুক্তা আক্তার, এক্সিকিউটিভ বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
-টিএস