প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের যে আমন্ত্রণ জানানো হয়েছে, তা এখনো উন্মুক্ত রয়েছে। তবে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো দেখছেন না তিনি।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়ও উঠে আসে।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও জনগণের কল্যাণে নিহিত বিষয়গুলোতে ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
-টিএস