নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চারদিন পর হেলালউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মেঘনা নদীর শাখা নদী মারিখালীর রতনপুর ব্রিজ এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশ।
পরে নিহতের বোনজামাই মোক্তার হোসেন মরদেহটি হেলালউদ্দিনের বলে শনাক্ত করেন। উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক শাহ কামাল জানান, হেলালউদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান শেষ হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ জন আত্মীয়স্বজন যাচ্ছিলেন। তাদের সঙ্গে বিয়ের বাজার, দুটি গরু ও একটি খাসিও ছিল।
ট্রলারটি আমান সিমেন্ট কোম্পানির কাছে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নদীতে তলিয়ে যায়। এ সময় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার আটজনকে উদ্ধার করে। তবে রায়েশা বেগম, হেলালউদ্দিন, সজীব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেন নিখোঁজ হন।
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও অন্য নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার পানিতে তলিয়ে যাওয়া ট্রলার থেকে দুটি গরু ও একটি খাসির মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় সজীব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতেই নিহত রায়েশা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
সোমবার হেলালউদ্দিনের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় নিখোঁজ পাঁচজনেরই মরদেহ উদ্ধার করা হলো।
নিহত হেলালউদ্দিনের বোনজামাই মোক্তার হোসেন জানান, পুলিশের কাছ থেকে হেলালউদ্দিনের মরদেহ গ্রহণ করে দাফনের জন্য হোমনার শ্রীমুদ্দি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তারা। এর আগে শনিবার হেলালউদ্দিনের দুই ছেলে ও এক মেয়ের মরদেহ দাফন করা হয়।
বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হেলালউদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এমএইচ/আরএন