বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ধামসর গ্রামের মুত্তাকিন। স্থানীয়রা জানান, তারা তিন বন্ধু এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার বলেন, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে মহাসড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে। পরে চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, দুটি যানই দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ঘটনাস্থলেই মারা যান। বাসের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে এবং প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস