মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক ঘটনায় এক দিনে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার রশুনিয়া ও কেয়াইন ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে একরামুল হক (৩৮) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি টিএমএসএসের সিরাজদিখান শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ওই ভবনের একটি অফিস কোয়ার্টারে থাকতেন। সকাল ১০টার দিকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। একরামুল হক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার গ্রামের আছের উদ্দিনের ছেলে।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে বাড়ির পাশে নিজের ওষুধের ফার্মেসি থেকে আমিনুল ইসলাম (৪০) নামে আরেক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনিও সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। আমিনুল ইসলাম ওই গ্রামের শহিদুল শিকদারের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসএস