
সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী ইজিবাইক লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে গিয়ে আঘাত করে। একই সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকানের দিকে উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের চালক মারা যান। আহত অন্তত পাঁচজনকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থানীয় একটি সূত্র ইজিবাইকের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। তথ্য যাচাই চলছে।”
মাহফুজ সাজু / এফএস