দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে গ্রেফতার করেছে এসআরবি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এসআরবি-৮ বরিশাল সদর দপ্তর। পরিচয় গোপন রেখে দীর্ঘদিন ভারত ও কুয়েতে অবস্থানের পর শেষ পর্যন্ত এসআরবি-৮ এর অভিযানে জয়নাল গ্রেফতার হন।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার জয়নাল সরদার (৫৫) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
এসআরবি-৮ ও এসআরবি-৬ এর একটি যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর খুলনা জেলার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলার নম্বর ৫। মামলার বিচার শেষে আদালত জয়নাল সরদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় মরদেহ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি সূত্র আরও জানায়, যে হত্যা মামলায় খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড হয়েছিল, জয়নাল সরদারও ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতার জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টিঅইএস