চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুজন (১৮) ও সাব্বির আহমেদ (১৯) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। সাব্বির একই এলাকার সুবাহানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন দিয়ার ধাইনগর ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তারা পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোবরতলা ইউনিয়নে নদীতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
এসএস