খুলনা নগরীতে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর মসজিদ লেনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোসাইন রশিদ খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রাখেন। বুধবারও দরজা না খোলায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান।
পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সৈকত মোঃ সোহাগ/এফএস