জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরসরিষাবাড়ী এলাকার যমুনার শাখা নদীর ওপর ২৭৮.৩০ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন আরসিসি গার্ডার সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
'পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ-২' প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কে যমুনার শাখা নদীর ওপর সেতুটি নির্মাণ করছে।
এলজিইডি জানায়, সেতুটি নির্মিত হলে নদীবেষ্টিত ও দুর্গম চরাঞ্চল সাতপোয়া ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষসহ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও মাদারগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। কৃষিনির্ভর এ অঞ্চলের কৃষিপণ্য কম খরচে সহজে শহরে রপ্তানি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতসহ শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে। জীবনযাত্রা ও আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।