লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি ২৩ সেপ্টেম্বর সকালে জিডিটি করেন।
জিডিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে রমনা মডেল থানাধীন গুলফেসা প্লাজার অষ্টম তলায় এলডিপির কার্যালয়ে অবস্থানকালে ‘Ripon Gazi’ নামের একটি ফেসবুক আইডি থেকে অলি আহমদকে নিয়ে হুমকিসূচক পোস্ট দেওয়ার বিষয়টি তাঁর নজরে আসে।
জিডিতে পোস্টটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, অলি আহমদকে উদ্দেশ করে লেখা হয়েছে—“কুলাঙ্গার গুলি তুই বেঁচে থাক। খোদার কসম খুব শীঘ্রই তোর অপরাধের কঠিন থেকে কঠিন বিচার এই বাংলার মানুষ...”। জিডিতে পোস্টটির ভাষাকে অলি আহমাদের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে অলি আহমাদ ও তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
এলডিপি সূত্র জানায়, হুমকির পোস্টের উৎস ও প্রেরকের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।