জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলাগুলোর অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় অভ্যন্তরীণ বাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছিল।
সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া আরও সমন্বয়ের দাবি জানানো হয়। পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া শেষে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সর্বনিম্ন বাসভাড়া অপরিবর্তিত রয়েছে। ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রাম মহানগরীতে ৮ টাকা বহাল থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত নতুন ভাড়ার হার শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে এ ভাড়া কার্যকর হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত নতুন ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে।
এ ছাড়া বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য আসন বিন্যাস করা হলে সেই অনুযায়ী ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুধু গণপরিবহনের ভাড়াতেই নয়, পণ্য পরিবহন ও অন্যান্য পরিবহন ব্যয়ের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে। পরিবহন ব্যয় বাড়লে পণ্য সরবরাহের খরচও বাড়তে পারে, যার প্রভাব বাজারদরে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় ঠেকাতে পরিবহন মালিক ও শ্রমিকদের নতুন ভাড়ার তালিকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি ভাড়া আদায় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেন। নতুন ভাড়ার হার প্রজ্ঞাপনে নির্ধারিত তারিখ থেকে কার্যকর হবে।
এফএস