প্রতিবন্ধী শিশুদের জীবনযাত্রা সহজ করা, শিক্ষা ও স্বাভাবিক বিকাশে সহায়তা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে খুলনায় ৩৮ শিশুর মধ্যে ৭৮টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রূপসার নতুন বাজার এলাকার সিএসএস আভা সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এসব উপকরণ বিতরণ করেন।
বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে। ৯টি হুইলচেয়ার, ১৫টি স্পেশাল সিটিং চেয়ার বিগ হুইল, পাঁচটি স্পেশাল সিটিং চেয়ার ক্লাস্টার হুইল, ২৪টি স্ট্যান্ডিং ফ্রেম, ১১টি দুই চাকার ওয়াকার, একটি ওয়েজ, চারটি নি-গাইটার ও নয়টি টয়লেট চেয়ার।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট-ফিজিওথেরাপিস্ট আব্দুল আল মামুন এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দৈনন্দিন কর্মকাণ্ডে সহায়ক উপকরণের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। তাদের প্রতি পরিবার ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এডিপির ক্লাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। সঞ্চালনা করেন খুলনা শহর এডিপি-২-এর প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম। সমাপনী বক্তব্য দেন খুলনা শহর এডিপি-১ ও ২-এর ম্যানেজার সুরভী বিশ্বাস।
সৈকত মোঃ সোহাগ / এফএস