সেনাবাহিনীর পোশাক থেকে সাংবাদিকতার কলম, এরপর ক্যামেরার সামনে অভিনয়। পেশাজীবনে একাধিক পরিচয়ের মধ্য দিয়ে এগিয়েছেন হাসান মাসুদ। অভিনয় দিয়ে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া এই শিল্পী এবার যুক্ত হয়েছেন করপোরেট পেশায়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শক প্রতিষ্ঠান জেইন গ্লোবাল-এ ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে কাজ শুরু করেছেন হাসান মাসুদ।
নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে। তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি? যদিও এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা দেননি এই অভিনেতা।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে জেইন গ্লোবাল। নতুন দায়িত্বে শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রমে কাজ করবেন হাসান মাসুদ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে তারা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
অভিনয় থেকে ধীরে ধীরে দূরে
একসময় নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন টেলিভিশন আয়োজনে নিয়মিত দেখা যেত হাসান মাসুদকে। অভিনয়ের স্বতন্ত্র ধরন ও ব্যক্তিত্ব দিয়ে অল্প সময়েই দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন তিনি। তবে দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে গত কয়েক বছর ধরে তাকে পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আপাতত অভিনয় না করার কথা বলেছিলেন হাসান মাসুদ। হজ পালন করে ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ার কথাও বলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে পরে তিনি পরিষ্কার করেন, চিরতরে অভিনয় ছাড়ার কথা তিনি বলেননি। বরং পছন্দসই বা ভালো মানের কাজ না পাওয়ায় নিয়মিত অভিনয় করছেন না।
হজ পালন শেষে অবশ্য বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেতা। ফলে নতুন চাকরিতে যোগ দেওয়ার খবরকে ঘিরে আবারও তার অভিনয়জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সেনাবাহিনী থেকে ক্যামেরার সামনে
হাসান মাসুদের পেশাজীবনের শুরু অভিনয় দিয়ে নয়। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার পর তিনি সাংবাদিকতায় যুক্ত হন। সাংবাদিকতার পাশাপাশি তার শিল্পীসত্তা তাকে নিয়ে আসে অভিনয়ের জগতে। এরপর ধীরে ধীরে অভিনয়ই হয়ে ওঠে তার পরিচিতির অন্যতম প্রধান ক্ষেত্র।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ছোট পর্দায়ও নিয়মিত মুখ হয়ে ওঠেন। অভিনয় করেন ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে।
শুধু অভিনয়েই থেমে থাকেননি হাসান মাসুদ। লেখালেখি ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন। গানও করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি গানের অ্যালবাম।
নতুন পরিচয়ে হাসান মাসুদ
সময় গড়ানোর সঙ্গে অভিনয়ের ব্যস্ততা কমিয়েছেন হাসান মাসুদ। নাটক ও চলচ্চিত্রে বেছে বেছে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনেও তাকে দেখা গেছে। এবার পেশাজীবনে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায় করপোরেট জগত।
ক্যামেরার সামনে অভিনয় করে চরিত্রকে প্রাণবন্ত করার পর এবার শিক্ষার্থী, ব্র্যান্ড ও যোগাযোগ নিয়ে কাজ করবেন তিনি। সেনাবাহিনী, সাংবাদিকতা ও অভিনয়ের অভিজ্ঞতার পর করপোরেট জগতে তার নতুন দায়িত্ব কতটা ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়, সেটিই এখন দেখার বিষয়।
এফএস