অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিংয়ের প্রতিবাদ করায় সালমান খানকে ‘পুকি’ বলে ডাকছেন নেটিজেনরা।
‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইনে ট্রলিং, বডি শেমিং ও সেলিব্রিটিদের ব্যক্তিগত বিষয় নিয়ে বিদ্রূপের বিরুদ্ধে সরব হন সালমান। ক্যাটরিনার নাম সরাসরি না নিলেও তাঁর সাম্প্রতিক পোস্টপার্টাম শরীর নিয়ে কটাক্ষের প্রসঙ্গ টেনে সালমান বলেন, গর্ভধারণের পর সবারই ওজন বাড়ে। সিনেমায় ফিরে এলে তিনি আবার ফিট হয়ে যাবেন। আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
সালমানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁকে ‘পুকি’ বলে সম্বোধন করেন। ‘গ্রিন ফ্ল্যাগের যদি কোনো মুখ থাকত’ এমন মন্তব্যও করেন কেউ কেউ। আবার কেউ সালমানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘সালাম, ভাই।’
এদিকে সালমান নিজেও বয়স নিয়ে ট্রলিংয়ের প্রসঙ্গ তোলেন। ৬০ বছর বয়সী হওয়ায় তাঁকে ‘বুড়ো’ বলা নিয়ে তিনি বলেন, সব সময় ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মতো তরুণ থাকা সম্ভব নয়। একপর্যায়ে তিনি ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে মেকআপ মুছে ট্রলকারীদের চ্যালেঞ্জ জানান।
সেলিব্রিটিদের নিয়ে আপত্তিকর ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও সমালোচনা করেন সালমান। বিশেষ করে অভিনেত্রীদের শরীরের নির্দিষ্ট অংশের ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সালমান ও ক্যাটরিনা একসময় সম্পর্কে ছিলেন। ক্যাটরিনা বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী। ২০২৫ সালের নভেম্বরে তাঁদের প্রথম সন্তান ভিহান জন্ম নেয়।
এফএস