পর্দায় এখনো মুক্তি পায়নি সিনেমাটি। এরই মধ্যে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও দক্ষিণী নির্মাতা অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’। মুক্তির আগেই বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বহুল প্রতীক্ষিত সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামাটি।
গত সোমবার নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিনে অনুরাগীদের চমকে দিয়ে এই তথ্য প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। প্রতিষ্ঠানটির দাবি, সিনেমাটির একটি বিশেষ দৃশ্যে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের ‘রিয়েল-টাইম মোশন ক্যাপচার’ করা হয়েছে। চলচ্চিত্রে একসঙ্গে এত বেশি পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারের ঘটনা এটিই প্রথম বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল্লু অর্জুন ও অ্যাটলির গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে সনদ গ্রহণের ছবি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে সান পিকচার্স।
প্রযোজনা প্রতিষ্ঠানটি এক পোস্টে লিখেছে, ‘ইতিহাস তৈরি হলো! এটি এমন এক বৈশ্বিক সাফল্য, যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে। ৩৭ জন পারফর্মারকে একসঙ্গে রিয়েল-টাইমে ক্যাপচার করে ‘রাকা’ বিশ্বরেকর্ড গড়েছে। আল্লু অর্জুন ও অ্যাটলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ গ্রহণ করেছেন।’
এই মাইলফলক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে আল্লু অর্জুন বলেন, ‘এটি পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। আমাদের পরিশ্রম ও প্রচেষ্টাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
টিএস