ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা নেইঃ এড শিরান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলের চলমান হামলা ও মানবিক সংকটের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার পর মার্কিন র‍্যাপার ম্যাকলমোরকে এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে  বিতর্ক তৈরি হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিরানের ট্যুর থেকে একে একে সরে দাঁড়িয়েছেন কয়েকজন শিল্পী। এর মধ্যেই গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন এড শিরান।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্ট করেন এড শিরান। ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে তার ট্যুরের চার উদ্বোধনী শিল্পী সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত একাই মঞ্চে উঠতে হয় শিরানকে। কনসার্টের আগে অনুষ্ঠানস্থলের বাইরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভও হয়।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন এড শিরান। তিনি বলেন, সফরের আয়োজক ও ভেন্যুগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা না বললেও বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। পরে ফিলাডেলফিয়ার কনসার্টে গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’, ‘অন্যায়’ ও ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার ঘটনা শুরু হয় চলতি মাসের ৫ সেপ্টেম্বর। সেদিন নিউ জার্সির একটি কনসার্টে মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন তিনি। এরপরই যুক্তরাষ্ট্রে চলমান সফরের বাকি অংশ থেকে তাকে বাদ দেওয়া হয়।

ম্যাকলমোরের দাবি, তাকে সফর থেকে বাদ দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ধনকুবের ও গিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটের চাপ ছিল। পরে ক্রাফটও ম্যাকলমোরকে তার স্টেডিয়ামে আর পারফর্ম করতে না দেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

এরপর ম্যাকলমোরের প্রতি সমর্থন জানিয়ে একে একে শিরানের ট্যুর থেকে সরে দাঁড়ান ফিনিয়াস, অ্যারন রো, লুকাস গ্রাহামসহ অন্য শিল্পীরা। তাদের বক্তব্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ম্যাকলমোরের কথা বলার অধিকারের বিষয়টিও উঠে আসে।

এদিকে গাজার ধ্বংসস্তূপের মধ্যেও ম্যাকলমোরের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন ফিলিস্তিনি শিল্পীরা। গাজা সিটিতে ফিলিস্তিনি পতাকার রঙে তার একটি দেয়ালচিত্র আঁকা হয়েছে। সেখানে ফিলিস্তিনের পক্ষে নিজের কণ্ঠ ব্যবহারের জন্য ম্যাকলমোরকে ধন্যবাদ জানানো হয়।

দেয়ালচিত্রটি আঁকা শিল্পীরা বলেন, অবরুদ্ধ গাজায় বসবাসকারী মানুষ হিসেবে তারা এমন শিল্পীদের সমর্থনকে গুরুত্ব দেন, যারা ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা প্রকাশ্যে তুলে ধরছেন।

ম্যাকলমোর তার বাদ পড়ার ঘটনাকে শুধু নিজের বিষয় হিসেবে দেখেননি। তিনি এটিকে ফিলিস্তিনিদের অধিকার ও নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন। এড শিরানের সফর থেকে পাওয়া প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকা ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি সংগঠনকে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে রবার্ট ক্রাফটকেও সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement