হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মার্কিন তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ানকে। এবার নিজের নতুন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানালেন তিনি। ‘দ্য কার্দাশিয়ানস’-এর অষ্টম মৌসুমের ট্রেলারে কিম জানান, তিনি ইসোফ্যাজাইটিসে আক্রান্ত হয়েছেন। খাদ্যনালির ভেতরের আবরণে প্রদাহ হলে এই রোগকে ইসোফ্যাজাইটিস বলা হয়।
ট্রেলারের একটি দৃশ্যে কিমকে বলতে শোনা যায়, ‘আমার ইসোফ্যাজাইটিস হয়েছে।’ এ কথা শুনে তার মা ক্রিস জেনারও উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আরেকটি দৃশ্যে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় কিমকে। তার শরীরে বিভিন্ন চিকিৎসা-যন্ত্রও যুক্ত ছিল। কিমের অসুস্থতার খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে একটি পারিবারিক ইতিহাসের কারণে। তার বাবা রবার্ট কার্দাশিয়ান ২০০৩ সালে খাদ্যনালির ক্যানসারে মারা যান। ট্রেলারে কিমের অসুস্থতা নিয়ে কথা বলার সময় এ বিষয়টিও উঠে আসে। ফলে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
তবে চিকিৎসকদের মতে, ইসোফ্যাজাইটিস মানেই ক্যানসার নয়। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট স্টুয়ার্ট স্পেকলার জানিয়েছেন, ইসোফ্যাজাইটিসের বিভিন্ন ধরন রয়েছে। সবচেয়ে সাধারণ ধরন হলো অ্যাসিড রিফ্লাক্সজনিত ইসোফ্যাজাইটিস, যা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এর সঙ্গে সম্পর্কিত। এই সমস্যায় পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এসে সেখানে জ্বালা ও প্রদাহ তৈরি করতে পারে। বুকজ্বালা ও খাবার বা অ্যাসিড মুখের দিকে উঠে আসার মতো উপসর্গ দেখা দিতে পারে।
দীর্ঘদিনের অ্যাসিড রিফ্লাক্সের কারণে কিছু রোগীর ব্যারেটস ইসোফ্যাগাস হতে পারে। এটি খাদ্যনালির কোষে পরিবর্তন ঘটায় এবং পরবর্তী সময়ে নির্দিষ্ট ধরনের খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসোফ্যাজাইটিস থাকা অধিকাংশ মানুষের ক্যানসার হয় না।
উল্লেখ্য, কিমের পরিবার ২০১৯ সালে তার প্রয়াত বাবার স্মরণে ইউসিএলএতে ‘রবার্ট জি. কার্দাশিয়ান সেন্টার ফর ইসোফেজিয়াল হেলথ’ প্রতিষ্ঠায় অংশ নেয়।
সূত্র: এনবিসি নিউজ