
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে সন্ধ্যার পর ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন।
পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আহত বিল্লালকে প্রথমে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা জানানো হয়।
এদিকে রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরেও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
এর আগের দিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এ পরিস্থিতিতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
-টিএস