নাচের পাশাপাশি অভিনয়েও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তামান্না ভাটিয়া। তবে সাম্প্রতিক সময়ে একাধিক আইটেম গানে দেখা যাওয়ায় নৃত্যশিল্পী হিসেবেই তাঁকে বেশি আলোচনায় পাওয়া গেছে। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে অভিনয়ে নতুনভাবে নিজেকে তুলে ধরতে চাইছেন এই অভিনেত্রী। ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায় তাই ভিন্ন এক অবতারে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে ‘ছঠি মাইয়া’ গানটির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন তামান্না। মুম্বাইয়ে বেড়ে ওঠায় ছটপূজা তাঁর কাছে অপরিচিত নয়। প্রতিবছর জুহু বিচে এই উৎসব ঘিরে মানুষের আয়োজন দেখেছেন তিনি। তবে এই পূজার আচার ও আবেগের গভীরতা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছে সিনেমাটিতে কাজ করতে গিয়ে।
ছটপূজার দীর্ঘ উপবাসের রীতি সবচেয়ে বেশি অবাক করেছে তামান্নাকে। তিনি জানতে পারেন, ভক্তরা প্রায় ৩৬ ঘণ্টা পানি পান না করেও উপবাস থেকে সূর্যদেবের আরাধনা করেন। পাশাপাশি অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার রীতিটিও তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। উদীয়মান সূর্যের পাশাপাশি অস্তগামী সূর্যের প্রতিও সমান শ্রদ্ধা প্রদর্শনের এই প্রথাকে অনন্য বলে মনে করেন অভিনেত্রী।
‘ছঠি মাইয়া’ গানের শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল তামান্নার জন্য আবেগঘন। একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে তাঁর চোখে পানি চলে আসে। কেন এমন অনুভূতি হয়েছিল, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারলেও অভিনেত্রীর মতে, শিল্পীর কিছু অনুভূতি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না।
সিনেমায় ছটপূজার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও গল্পের মূল বিষয় বনদেবীকে ঘিরে। তামান্নার ভাষায়, ছট কেবল একটি উৎসব নয়; এর সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িয়ে রয়েছে। সেই আবেগ ও ঐতিহ্য সিনেমায় যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর নিজের বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করেছিলেন তামান্না। পূজা শেষে তাঁর পুরোহিত ‘ছঠি মাইয়া’ গানের ভিডিও দেখেন। গানে ছটপূজার বিভিন্ন আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে প্রশংসা করেন তিনি। এমনকি সবাই মিলে সিনেমাটি দেখার আগ্রহও প্রকাশ করেন।
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তামান্না। দীপক কুমার মিশ্র পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি ও অনুপ সোনি। প্রযোজনায় রয়েছেন একতা কাপুর ও শোভা কাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
এফএস