রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।
স্বজনরা জানান, নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় বসবাস করছেন।
নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার বিকেলে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ ঘটনায় তার মা তাকে বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করার পাশাপাশি র্যাব ও ডিবি পুলিশের কাছে শিশুটিকে উদ্ধারের জন্য আবেদন করা হয়েছে।
র্যাবের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে। এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা যায় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই ফোনকলে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার দাবি করা হয়। পরে শিশুটিকে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রাখা হয়েছে বলে জানিয়ে অজ্ঞাত ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, থানায় জিডি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
-টিএস