বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাহিদ রানাকে এই বছর বিগ ব্যাশ খেলার অনুমতি দিচ্ছে না। ইনজুরির পরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আসন্ন এশিয়ান গেমসের দল থেকেও তাকে বাদ দিয়েছেন নির্বাচকেরা।
আগামী বছর একই প্রস্তাব থাকলে নাহিদকে ছাড়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগ ঘটনাটি নিশ্চিত করেছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস বিগ ব্যাশের জন্য নাহিদকে পেতে চেয়েছিল। কিন্তু সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় বড় ম্যাচগুলো থাকায় বিসিবি তাকে বিগ ব্যাশে খেলার অনুমতি দেয়নি।
সাইড স্ট্রেইনের কারণে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি এই তরুণ পেসার। চোট থেকে ফিরে এসে ধীরে ধীরে বোলিংয়ে ফিরছেন নাহিদ। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে শুরুতে অল্প অল্প রান আপে কম জোরে বোলিং করেছেন। এখন বাড়িয়েছেন গতি ও রান আপ।
পুরোনো ছন্দে ফিরতে তার আরও সময়ের প্রয়োজন। এজন্য আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও রাখা হয়নি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা নাহিদের।
নাহিদকে নিয়ে আলোচনার শেষ নেই আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগেও আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক অর্জনের সিরিজে থাকতে পারেননি তিনি। এবার বিগ ব্যাশের দরজাও খুলে গিয়েছিল তার জন্য। কিন্তু সেই ঘরটা আপাতত বিসিবির তালা ঝোলানো। যেখানে তার প্রবেশাধিকার সংরক্ষিত।
নাহিদ যেতে না পারলেও বিগ ব্যাশে রিশাদ হোসেনের যাওয়া নিশ্চিত। গত বছর রিশাদ হোসেন খেলেছেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। প্রথমবার অংশ নিয়ে হোবার্ট হারিকেনসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনিই। এমনকি সব দল মিলিয়েই অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ১২ ম্যাচে তার উইকেট ছিল ১৫টি।
এসএস