বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরানোর জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এসব কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়। এ কারণেই এসব কথা বলা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘আমরা তো বলি, আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুটি হাতকড়া থাকবে। আপনাকে হাতকড়া পরিয়ে রিসিভ করে আপনি বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী, অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তাঁর দোসররা, যারা পলায়ন করে আছেন, তাঁদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করার জন্য আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও জনগণের টাকা লুট—এগুলোর সমাধান করতে চাই।’
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএস/আরএন