দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে তাঁর বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আগামী ৬ অক্টোবর ২০২৬ বুয়েন্স আইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে মেসির। এই ম্যাচটিই আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে তাঁর শেষ উপস্থিতি হতে পারে।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদের বিশেষভাবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের পরিবারের সদস্যদেরও এই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে।
ফলে ম্যাচটি শুধু মেসির বিদায় নয়, কাতার বিশ্বকাপজয়ী সেই সোনালি দলের স্মৃতিও ফিরিয়ে আনবে।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই দুই ম্যাচে মেসিকে দেখা যাবে না বলে জানা গেছে।
মেসিকে মূলত বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের জন্য রাখা হয়েছে।
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার পরিসংখ্যানই তাঁর দীর্ঘ পথচলার সাক্ষ্য দেয়। জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২০৭ ম্যাচ, করেছেন ১২৫ গোল।
তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২২ ফিফা বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা। দীর্ঘ অপেক্ষার পর দেশের হয়ে বড় শিরোপা জয়ের মধ্য দিয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার পূর্ণতা পেয়েছিল।
এবার সেই অধ্যায়ের শেষ পাতায় পৌঁছানোর অপেক্ষা। বেনিনের বিপক্ষে বুয়েনস আইরেসের মাঠে মেসি নামলে, আর্জেন্টাইন সমর্থকদের জন্য সেটি হয়ে উঠতে পারে আবেগঘন এক ঐতিহাসিক রাত।
এফএস