বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।
জানা গেছে, এএসআই আনেস আলীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়। এর প্রায় দুই ঘণ্টার মধ্যেই তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশের দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছিল। পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়া হয়। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, বিষয়টি গোপন রাখতে স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখানো হয়েছিল।
এ ছাড়া ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে গোপনে সুবিধা নেয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে সুবিধা দেয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এএসআই আনেস আলীকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এসএ