জামালপুরের মেলান্দহে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে (৩০) গ্রেপ্তারের জন্য সোমবার রাতে শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চরে অভিযান চালায় মেলান্দহ থানা পুলিশ। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) হিমন (৩৪), সহকারী উপপরিদর্শক (এএসআই) আওয়ার (৩৭), আবু রায়হান (৪০) ও কনস্টেবল আবু তাহের (২৯) অংশ নেন।
পুলিশ এনামুল হককে আটক করার পর তাঁর পরিবারের সদস্যরা বাধা দিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে চারজন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এনামুল হক ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
আহত এসআই হিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিন পুলিশ সদস্য মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এনামুল হক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
লিয়াকত হোসাইন লায়ন/এফএস