রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে, যা এখন প্রায় শেষ পর্যায়ে। নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে সমন্বয় সভা করা হয়েছে।
রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
-টিএস