বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে সার্বভৌমত্ব পেয়েছি। এই অর্জনের পেছনে যারা জীবন দিয়েছেন, তাঁদের আমাদের স্মরণ রাখতে হবে। তাঁদের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
তিনি বলেন, “ফ্যাসিস্টরা যদি আরও দু-তিন বছর ক্ষমতায় থাকত, তাহলে বাংলাদেশ সিকিম হয়ে যেত। ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে যেভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ থেকে যদি আমরা কোনো শিক্ষা না নিই, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ।”
রোববার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমান ও পর্যটনমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় দেশের সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করানো হতো। এ কারণে প্রায় ২০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ায় দেশ পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, শেরপুরের গারো পাহাড় এলাকায় পর্যটন করপোরেশনের উদ্যোগে পর্যটন স্পট ও হোটেল-মোটেল নির্মাণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডা. মো. শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এম. সুরুজ্জামান/এফএস