প্যারোলে মুক্তির পর সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস তার প্রয়াত মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মায়ের শেষকৃত্যে অংশ নিতে নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তিনি শেষকৃত্যে অংশ নেন।
শেষকৃত্যে পরিবারের সদস্য, স্বজন ও অনুসারীরা উপস্থিত ছিলেন। মায়ের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সময় চিন্ময় কৃষ্ণ দাসকে আবেগাপ্লুত দেখা যায়।
এর আগে মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তার ভাই অঞ্জন কুমার ধর চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আবেদনটি অনুমোদন করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর পাঁচ ঘণ্টার জন্য তাকে কারাগার থেকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। বেলা ৩টা ৪০ মিনিটে তাকে কারাগার থেকে বের করা হয়। বিকেল ৫টা ৫ মিনিটে তাকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে নেওয়া হয়। পরে মায়ের শেষকৃত্য শেষে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুণ্ডরীক ধাম থেকে তাকে পুনরায় চট্টগ্রাম কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে চিন্ময় কৃষ্ণ দাসের মা ক্যান্সারে আক্রান্ত সন্ধ্যা রাণী ধর (৭০) শেষনিশ্বাস ত্যাগ করেন।
ইউএন/আরএন