জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে মেরামত শেষে বিমানগুলো আবারও কার্যক্রমে ফিরেছে।
তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট বা ‘ওয়ারথগ’ যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের হামলায় বিমানটির একটি ডানা ভেঙে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করার পর মার্কিন বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর পরপরই ইরান পাল্টা হামলা শুরু করে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানে অবস্থিত ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
হামলার ঘটনায় মার্কিন সামরিক স্থাপনা ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
আরএন