ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পরবর্তী পদদলনে অন্তত ২৯ শিশু নিহত হয়েছে। আগুনে স্কুল দুটির পাশাপাশি আশপাশের প্রায় ৩০০টি কাঠের ঘরও পুড়ে গেছে। আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিম্পুন্দা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে উজামা প্রাইমারি স্কুল ও ফুরাহা সেকেন্ডারি স্কুলে।
স্থানীয় সংবাদমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, আগুনের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে বের হওয়ার সময় ব্যাপক হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। এতে অনেকে একে অপরের ওপর পড়ে যান এবং কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েংয়ে রয়টার্সকে জানিয়েছেন, আগুনে দুটি স্কুল ও প্রায় ৩০০টি কাঠের বাড়ি ধ্বংস হয়েছে।
স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে এএফপিকে জানান, আগুনের পর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত প্রায় ৫০ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে কয়েকজন শিক্ষকও ছিলেন। ঘটনাস্থলের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও কয়েকজনের মৃত্যু হয়েছে।
এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন ও ধোঁয়ার কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা আশপাশের বাড়িঘর ও স্কুল ভবনগুলো গ্রাস করছে। আগুন নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল কাজ করেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা প্রাথমিক এবং আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুকাভুতে সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববারও শহরটিতে আগুনে ৪৫টির বেশি বাড়ি পুড়ে যায়।
এফএস