ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী মেডিকেল কলেজের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিমের নেতৃত্বে র্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক স্লোগান দেন।
র্যালি শেষে চিকিৎসকরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করার মাধ্যমেই এ মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী দুই দিন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
মোঃ জাকির হোসেন/এসএ